প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৪ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ২:১১ PM

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক সাক্ষাৎ করেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেনাপ্রধান ‘যমুনা’ রাষ্ট্রীয় বাসভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এরপর বঙ্গভবনে গিয়ে তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার সকালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেনাপ্রধান।
রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি’র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।
উল্লেখ্য, গত ২১ আগস্ট সরকারি সফরে চীনে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার রাতে তিনি দেশে ফেরেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ বৈঠক করেন। এছাড়া তিনি চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করেন।
সাক্ষাতে দ্বিপক্ষীয় সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা ও সামরিক শিল্প উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সফরের শুরুতে পিএলএ সদরদপ্তরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম