প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১০:৩১ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি করার অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ান (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। তিনি উপজেলার বোডের হাট এলাকার বাসিন্দা।
রোববার (৩১ আগস্ট) বিকেলে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে।
সেনাবাহিনী জানায়, গত ৪ জুন “ইন এইড টু দি সিভিল পাওয়ার” এর আওতায় আটককৃত প্রতারক আমিনুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ২২ বীর ব্যাটালিয়নের একটি বিশেষ দল সন্তোষপুর বাজার থেকে অবৈধভাবে মজুদ করা ২০০ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করে। এ ঘটনায় যৌথবাহিনীর পক্ষ থেকে প্রশাসন বাদী হয়ে মামলা দায়ের করে।
পরে আমিনুল ইসলাম ওই মামলার অভিযুক্তদের কাছে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ এক লাখ টাকা দাবি করেন। প্রমাণস্বরূপ একটি অডিও ক্লিপও সেনাবাহিনীর হাতে আসে।
পরবর্তীতে তাকে কুড়িগ্রাম সেনা ক্যাম্পে ডাকা হলে জিজ্ঞাসাবাদের সময় তিনি টাকা দাবির বিষয়টি স্বীকার করেন। পরে তাকে নাগেশ্বরী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. শাহরিয়ার আহাদ বলেন, “অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে সেনাবাহিনী সব সময় কঠোর অবস্থানে রয়েছে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ