প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১০:২০ পিএম

রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছেন। মিছিল চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে অল্প সময়ের মধ্যেই তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর মিরপুর সড়কে রাফা প্লাজার সামনে থেকে মিছিলটি শুরু হয়। স্থানীয়রা জানান, হঠাৎ শতাধিক নেতাকর্মী স্লোগান দিতে দিতে মিছিল বের করে। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈনু মারমা বলেন, “হঠাৎ করেই আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। মিছিল থেকে ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ