প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ২:৪৯ পিএম

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু (৩৪) পেশায় একজন কাচ মিস্ত্রি ছিলেন। তিনি হিলভিউ এলাকার বার্মা কলোনিতে তার শ্বশুরবাড়িতে স্ত্রীসহ থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পিন্টু যখন বাইরে ছিলেন তখন কয়েকজন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) জমির উদ্দিন বলেন, “প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি, এটি পূর্বশত্রুতার কারণে ঘটা একটি হত্যাকাণ্ড। আমরা ইতোমধ্যে জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করেছি।”
তিনি আরো বলেন, “বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”