প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১০:০২ পিএম

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের। ভুটানের সঙ্গে ১-১ ড্র করে আগেই ব্যাকফুটে চলে যাওয়া লাল-সবুজরা ভারত-নেপাল ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছিল। কিন্তু সেই ম্যাচে ভারত ৫-০ গোলে নেপালকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে।
৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। সমান ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১০ পয়েন্ট। ফলে শেষ ম্যাচ জিতলেও দুই পয়েন্ট পিছিয়ে থেকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হবে বাংলাদেশের মেয়েদের। টুর্নামেন্টের অন্য দুই দল নেপাল (৩) ও ভুটান (১) অনেক আগেই ছিটকে গেছে। আগামী ৩১ আগস্ট বাংলাদেশ-ভারত ম্যাচটি এখন শুধুই নিয়মরক্ষার।
ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে গড়া আক্রমণে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন পূর্ণিমা মারমা। তবে বিরতির আগে যোগ করা সময়ে রক্ষণের ভুলে গোল হজম করে বাংলাদেশ। ভুটানের চোর্টেন জাংমোর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি বাংলাদেশ।
এর আগে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করেছিল ভুটানকে ৩-১ গোলে হারিয়ে। এরপর ভারতের কাছে ২-০ গোলে হেরে ব্যাকফুটে যায়। তবে নেপালকে টানা দুই ম্যাচে (৩-০, ৪-১) হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আশা জাগিয়েছিল তারা। কিন্তু ভুটানের বিপক্ষে ড্র সেই আশা শেষ করে দেয়।
এর বিপরীতে ভারত পুরো টুর্নামেন্টে এখনো অপরাজিত। শক্তিশালী পারফরম্যান্সে তারা আগেভাগেই চ্যাম্পিয়ন হয়ে গেল।
স্বদেশ প্রতিদিন/এনআর