প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৩:০৪ AM

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শীর্ষ মাদক কারবারি ও ১৫টি মাদক মামলার আসামী কামরুল হাসান (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ফরিদগঞ্জ থানার পুলিশ তাকে বৈচাতলী এলাকা থেকে গ্রেপ্তার করে। কামরুল হাসান বৈচাতলী গ্রামের হাজী আব্দুল মান্নানের ছেলে। রাতে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বৈচাতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কামরুল হাসানকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম জানান, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কামরুল একজন চিহ্নিত শীর্ষ মাদক কারবারি এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে ১৫টি মামলা আদালতে চলমান আছে। এছাড়া তার বিরুদ্ধে দুটি জিআর সাজা গ্রেফতারী পরোয়ানা রয়েছে, যার একটিতে দুই বছরের এবং অপরটিতে এক বছর ৪ মাসের সাজা সংক্রান্ত। পাশাপাশি তার বিরুদ্ধে আরও ৩টি জিআর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর অবস্থায় রয়েছে।
ওসি মো. শাহ্ আলম বলেন, “সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে চাঁদপুর জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ