প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ২:৩৮ AM

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু মেডিকেল টেস্টের জন্যই হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে।
এর আগে চলতি বছরের ১৮ জুন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফেরেন। গত বছরের ১৮ সেপ্টেম্বরও একই হাসপাতালে চিকিৎসা শেষে ফিরোজায় ফেরেন তিনি।
উন্নত চিকিৎসার জন্য এর পর গত ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন। পরদিন তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান এবং সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হন। সেখানে ১৭ দিন চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করে আরও চিকিৎসা নেন। প্রায় ১১৭ দিন লন্ডনে থাকার পর চলতি বছরের ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।
স্বদেশ প্রতিদিন/ আরএফ