প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২:৩০ AM

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে হঠাৎ তীব্র দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়েছে ২০ শিক্ষার্থী। এর মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।
বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নারকেল বাড়ি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন ভবনের দ্বিতীয় তলায় পাঠ চলাকালে হঠাৎ কীটনাশকের মতো তীব্র গন্ধে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। দ্রুত সবাই ভবন থেকে বের হয়ে মাঠে চলে আসে। এ সময় ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, তাদের মধ্যে ৮ জনকে ভর্তি করা হয় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
হাসপাতালে ভর্তিকৃত শিক্ষার্থীরা হলেন— ঝিলিক বৈদ্য (১৪), আব্দুল্লাহ খন্দকার (১২), স্মৃতি বৈদ্য (৯), ঝুমা বাড়ৈ (১৩), রোদেলা (১৪), রিয়ান্তা মীর (১৬), রিতা হালদার (১৪) ও সুপ্রিয়া খানম (১২)।
অষ্টম শ্রেণির ছাত্রী সুপ্রিয়া খানম বলেন, “গণিত ক্লাস চলছিল। হঠাৎ জানালা দিয়ে তীব্র গন্ধ আসে। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাচ্ছে। আমরা সবাই নিচে নেমে যাই, এরই মধ্যে কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী দেরাবতী বলেন, “গোলমালের খবর পেয়ে আমি ছুটে আসি। দেখি শিক্ষার্থীরা ছোটাছুটি করছে। সহকারী প্রধান শিক্ষক জানান, শ্রেণিকক্ষে কীটনাশকের মতো গন্ধ ছড়ায়। তাৎক্ষণিক স্কুল ছুটি ঘোষণা করা হয়। তবে চারপাশে অনুসন্ধান করেও গন্ধের উৎস পাওয়া যায়নি।”
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস জানান, “শিক্ষার্থীরা শ্বাসকষ্ট ও মাথা ঘোরা নিয়ে হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্গন্ধে আতঙ্কিত হয়ে তারা অসুস্থ হয়ে পড়তে পারে। তবে ভয়ের কোনো কারণ নেই।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ