প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:০৮ পিএম

পটুয়াখালীর বাউফলে পরকীয়ার জেরে ১৫ বছর বয়সী কিশোরী উর্মী আক্তারকে হত্যা করেছে তার নিজের বাবা-মা ও দুলাভাই। ঘটনার এক সপ্তাহ পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। বুধবার সকালে তারা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ২১ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে উর্মী নিখোঁজ হয় বলে পরিবারের পক্ষ থেকে নাটক সাজানো হয়। পরে ২৩ আগস্ট সকালে উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালি-নুরাইনপাশা খালের হাওলাদারবাড়ি এলাকা থেকে উর্মীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় উর্মীর বাবা নজরুল বয়াতি বাউফল থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্তে প্রকাশ হয়েছে, মা আমেনা বেগমের পরকীয়া সম্পর্কের বিষয়টি উর্মী জানতে পেরে পারিবারিক কলহ সৃষ্টি হয়। একপর্যায় মা, বাবা ও দুলাভাই মিলিত হয়ে উর্মীকে মারধর করে এবং পরে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে পাশের খালে ফেলে দেয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান সরকার বলেন, “ঘটনার পর থেকেই আমরা তিনজনকে সন্দেহ করছিলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে। মামলাটি এখন তদন্তাধীন, এবং শীঘ্রই চার্জশিট দেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/এনআর