প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০:০১ পিএম

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
পিরোজপুরের ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. জাহিদ (৪০) ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকার মোজাহার হাওলাদারের পুত্র এবং মো. জিয়াউল ইসলাম জিহাদ (৩২) একই এলাকার মৃত আশরাফ আলীর পুত্র।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ভান্ডারিয়া থানার হাসপাতাল মোড়ের কাছে ফারুকের দোকানের সামনে রিকশাচালক জাহিদ জোরপূর্বক ওই মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ করেন। ঘটনায় সাংবাদিক জিয়াউল ইসলাম জিহাদ ভিডিও ধারণ করে। পরে জিহাদ ধর্ষক জাহিদকে সামাজিক মাধ্যমে ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে অর্থ দাবি করেন। পরবর্তীতে জিহাদ নিজেই ভিডিওটি ফেসবুকে আপলোড করলে পুলিশের নজরে আসে এবং উভয় আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার ও বিটিআরসির সহযোগিতায় ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে সরানো হয়েছে।
পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, দুইজনকে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আসামিদের দ্রুত আদালতে পাঠানো হবে।