প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮:৫৬ পিএম

ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের উদ্যোগ চলমান থাকলেও নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে রাশিয়া-ইউক্রেন সংঘাত। রাশিয়ার অভিযোগ, ইউক্রেন তাদের কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে।
ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রবিবার (২৪ আগস্ট) ভোরে, যা ইউক্রেনের স্বাধীনতা দিবসের দিন।
রুশ সেনারা বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ড্রোন ভূপাতিত করে। এতে বিদ্যুৎ গ্রিডের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রান্সফরমারে আগুন ধরে যায়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, রেডিয়েশন স্তর স্বাভাবিক রয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউক্রেন এ হামলা নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে জাতিসংঘের পারমাণবিক শক্তি সংস্থা বারবার উভয় পক্ষকে পারমাণবিক স্থাপনার আশপাশে হামলা না চালানোর আহ্বান জানিয়ে আসছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৩,৫০০-এর বেশি এয়ার-লঞ্চড ক্রুজ মিসাইল সরবরাহের অনুমোদন দিয়েছে। আগামী ছয় সপ্তাহের মধ্যে এগুলো পৌঁছাবে বলে জানা গেছে। তবে রাশিয়ার ভূখণ্ডে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হলে ইউক্রেনকে পেন্টাগনের অনুমতি নিতে হবে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ট্রাম্পের শান্তি আলোচনার কৌশলের সঙ্গে যুক্ত।
এদিকে, যুদ্ধ থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা জরুরি বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি অভিযোগ করেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকে তিনি দ্রুত ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু করার ওপর জোর দেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ