প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮:৪০ পিএম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের দক্ষিণ বস্তা গ্রামে স্বপন আকন্দ (২৫) নামে এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার আজাহার আকন্দের ছেলে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বপন মাদকে আসক্ত ছিলেন। পরিবার তাকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা করালেও পুরোপুরি সুস্থ হতে পারেননি। কিছুদিন আগে তাকে বাড়িতে ফিরিয়ে আনার পর গত শনিবার গভীর রাতে নিজ শয়নকক্ষে সিলিংয়ের সাথে রশি বেঁধে আত্মহত্যা করেন তিনি।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ