প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৭:০৮ AM

ন্যূনতম বিএসসি ডিগ্রি ছাড়া নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে নিয়োগ না দেওয়ার দাবিতে তিন দিনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
শনিবার (২৩ আগস্ট) রাতে বুয়েটের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন তিন শতাধিক শিক্ষার্থী। মিছিলটি বক্সিবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা হয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড় ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।
পরে শাহবাগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, তারা তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন।
সেখানে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দাবি করেন, ডিপ্লোমা ডিগ্রিধারীদের ইঞ্জিনিয়ার পদে চাকরি মেনে নেবেন না তারা। দশম গ্রেডে ইঞ্জিনিয়ার পদে ডিপ্লোমাদের কোটা বাতিলের দাবিও ওঠে সেখানে। এ সময় বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ যাতে ইঞ্জিনিয়ার পদ ব্যবহার করতে না পারে সেই দাবিও করেন তারা।
স্বদেশ প্রতিদিন/এমএম