প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৯:৫২ পিএম আপডেট: ২৩.০৮.২০২৫ ৯:৫৮ PM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্প স্থানে সভা-সমাবেশ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (২৩ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
ডিএমপি কমিশনার বলেন, সড়ক অবরোধের কারণে গর্ভবতী নারী, মুমূর্ষু রোগী ও পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। তাই জনস্বার্থে বিকল্প স্থানে কর্মসূচি করা জরুরি। এ জন্য নগরীর ৯১টি স্থান সমাবেশের জন্য প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মতিঝিলে ১৫টি, তেজগাঁওয়ে ১২টি, লালবাগে ১৭টি, ওয়ারীতে ১৪টি, গুলশানে আটটি, মিরপুরে ১১টি, উত্তরায় ১০টি ও রমনায় চারটি স্থান নির্ধারণ করা হয়েছে।
সভায় রাজনৈতিক নেতারা যানজট, মাদক বিস্তার ও কিশোর গ্যাংয়ের সমস্যা তুলে ধরে এগুলো সমাধানে পুলিশের পাশে থাকার আশ্বাস দেন। তারা নির্বাচনকে সামনে রেখে নাশকতা রোধে সতর্ক থাকারও আহ্বান জানান।
অতিরিক্ত পুলিশ কমিশনাররা জানান, যানজট নিরসনে শুধু পুলিশ নয়, মোট ২৫টি সংস্থা একসঙ্গে কাজ করছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে বিদেশি পর্যবেক্ষকদের সামনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ