প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ২:৪৯ AM

জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংস্থা আইসিপি সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হওয়ার তথ্য নিশ্চিত করার পর সৌদি আরব ফিলিস্তিনিদের ইচ্ছাকৃতভাবে অভুক্ত রাখার ঘটনায় নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
শুক্রবার (২২ আগস্ট) সৌদি গ্যাজেটের প্রতিবেদনে জানানো হয়, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের অপরাধ পুনরাবৃত্তি এবং দায়-জবাবদিহিতার অভাবে গাজায় মানবিক পরিস্থিতি আরও গভীর সংকটে পতিত হয়েছে।
মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, যদি এই ‘গণহত্যার যুদ্ধ’ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যদের বিবেকের ওপর এটি দাগ হিসেবে থেকে যাবে।
আইসিপি জানায়, গাজা সিটি ও এর আশপাশের এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। সংস্থাটি গাজা সিটিকে খাদ্য সংকটের সর্বোচ্চ ধাপ ‘পঞ্চম ধাপে’ রেখেছে, যার অর্থ এই অঞ্চলের মানুষ এখন অনাহার ও চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন।
এর পাশাপাশি গাজার দেইর এল-বালাহ ও খান ইউনুস শহরও দ্রুত একই পরিস্থিতির দিকে এগোচ্ছে। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরের শেষের দিকে এ দুটি শহরেও দুর্ভিক্ষ শুরু হবে, যার ফলে গাজা উপত্যকায় ৫ লাখের বেশি মানুষ ক্ষুধার্ত পরিস্থিতির মধ্যে পড়বেন।
গাজার মোট জনসংখ্যার ৫৪ শতাংশ বা প্রায় ১০ লাখ ৭ হাজার মানুষ বর্তমানে ‘ধাপ-৪’-এ রয়েছেন, অর্থাৎ তারা খাদ্য জরুরি অবস্থায় দিন কাটাচ্ছেন। এছাড়া ৩ লাখ ৯৬ হাজার মানুষ (২০ শতাংশ) ‘ধাপ-৩’-এ রয়েছে, যারা খাদ্য সংকটের ঝুঁকিতে আছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ