প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৫:৪১ পিএম আপডেট: ২২.০৮.২০২৫ ৬:৪০ PM

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয় ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় ঘোষণা দিয়েছেন। মাদুরাইয়ে পারাপাথিতে নিজের দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে তিনি বিজেপিকে ‘ফ্যাসিবাদী বিজেপি’ বলে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
বিজয় তার ভাষণে বলেন, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর আমাদের রাজনৈতিক শত্রু হলো ক্ষমতাসীন দল দ্রাবিড় মুনেত্র কাজাগাম (ডিএমকে)। তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) কোনো ভয় পাওয়ার দল নয়, বরং তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে।’
তিনি আরও জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তার দল ‘একলা চলো’ নীতিতে লড়াই করবে এবং কোনো জোটে যাবে না। অর্থাৎ বিজয় একাই নিজের দলের সঙ্গে নির্বাচন করবেন।
বিজয়ের সমাবেশে হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘সিংহ সব সময়ই সিংহ। একবার গর্জন করলে সেটা অনেক দূর পর্যন্ত শোনা যায়। তেমনি আমাদের লড়াই হবে শক্তিশালী ও নির্ভীক।’
বিজয় কেন্দ্রীয় সরকারের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং বলেন, ‘আপনারা হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত আপনারা শান্তিতে থাকবেন, কিন্তু তামিলরা বিজেপির সঙ্গে থাকবে না।’
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, থালাপতি বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। বর্তমানে রাজ্যে ক্ষমতাসীন দল ডিএমকে ও বিরোধী দল এআইএডিএমকের পাশাপাশি নিজের দলকে বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে।
গত বছর রাজনীতিতে প্রবেশকারী এই দক্ষিণী সুপারস্টার এবারই প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছেন। তার দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম