প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ২:৩৪ পিএম

ঢাকার সাভারের সাংবাদিক নাজমুল হুদাকে মারধর, চাঁদাদাবি ও অপহরণের চেষ্টার অভিযোগে সাব্বির আহমেদ ওরফে ‘সাইকো সাব্বির’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) ভোরে মানিকগঞ্জ জেলার পূর্ব দাশড়া এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মারধর, চাঁদাদাবি ও অপহরণের চেষ্টার অভিযোগ এনে ভুক্তভোগী সাংবাদিক নাজমুল হুদা বাদী হয়ে সাইকো সাব্বিরসহ ১১ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
আজ শুক্রবার সকালে সাইকো সাব্বিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল।
সাংবাদিক নাজমুল হুদা বর্তমানে কর্মরত দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি এবং সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সন্ত্রাসী সাব্বির আহমেদ ফোন করে সাভার প্রেসক্লাব সভাপতি নাজমুল হুদার কাছে ১১ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর হুমকি দেন। পরবর্তীতে ফেসবুকে তিনিসহ অনেকের ছবি ব্যবহার করে দালাল আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হয়।
অপপ্রচার বন্ধ করতে বললে সাব্বির ও তার সহযোগীরা নাজমুল হুদাকে হত্যার হুমকি দেন।
ঘটনার পরদিন (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নাজমুল হুদা সংবাদ সংগ্রহে যাওয়ার পথে সাভার মডেল মসজিদের সামনে তার প্রাইভেটকার থামিয়ে দেয় সন্ত্রাসীরা। এ সময় সাব্বির ও তার দলবল জোরপূর্বক তাকে গাড়ি থেকে নামিয়ে পুনরায় ১১ লাখ টাকা দাবি করে। তিনি অস্বীকার করলে তাকে মারধর করে এবং সঙ্গে থাকা ৩২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাকে অপহরণের চেষ্টা চালানো হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানান, এ পর্যন্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্বদেশ প্রতিদিন/এমএম