প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৪:৪৩ AM

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় সাদা পাথর লুটের ঘটনায় রাজনৈতিক দল, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর এবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান জানাল।
সংস্থাটি বলেছে, সীমান্তে দায়িত্ব পালনের সময় কোনো সদস্যের অবহেলা বা অনিয়ম প্রমাণ হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৮টার পর বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
সেখানে বলা হয়, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন ও ভিডিওতে ভোলাগঞ্জে পাথর লুটে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
বিজিবি জানায়, তারা সবসময় দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করে আসছে। এর অংশ হিসেবে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিতভাবে অবৈধ পাথর উত্তোলন ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে লাখ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। একই সঙ্গে শত শত বারকি নৌকা, ট্রাক, বোমা-মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংস্থাটি আরও জানায়, সীমান্তে দায়িত্বে অবহেলা বা কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখতে বিজিবি সদরদপ্তরে তদন্ত আদালত গঠন করা হয়েছে।
ভোলাগঞ্জে সাদা পাথর চুরির ঘটনায় বিজিবি সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ থাকলে তা প্রমাণসহ [email protected] ঠিকানায় পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ