প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৪:৪৭ AM

ফুটবল মাঠে এখনও যেন ২৫ বছরের তরুণের মতো দৌড়ান ক্রিশ্চিয়ানো রোনালদো। গত ফেব্রুয়ারিতে ৪০ পেরোলেও তার শারীরিক ফিটনেস, গতি ও চেহারা দেখে অনেকেরই মনে হয়, বয়স যেন তাকে স্পর্শই করেনি। সমুদ্রতীরে খালি গায়ে ছবি তুললেও ভক্তদের চোখে ধরা দেয় এক অদ্ভুত তারুণ্য।
স্প্যানিশ গণমাধ্যম মার্কা লিখেছে, রোনালদোর বয়স অনেকটা সূক্ষ্ম ওয়াইনের মতো— যত বাড়ছে, তত যেন ঝলমল করছে তারুণ্য। তবে প্রশ্ন থেকেই যায়, কীভাবে সম্ভব এ রকম?
রোনালদো তার ক্যারিয়ারে কঠোর শৃঙ্খলা, নিবিড় অনুশীলন আর নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে অনন্য। ভক্তরা সাধারণত এটিকেই তার তারুণ্য ধরে রাখার প্রধান কারণ মনে করেন। কিন্তু নিউ ইয়র্কের প্রসিদ্ধ প্লাস্টিক সার্জন ড. এলি লেভিন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।
ব্রিটিশ ডেইলি মেইল-এর সাংবাদিক ইসাবেল বাল্ডউইনের সঙ্গে আলাপচারিতায় লেভিন বলেন, যদিও তিনি সরাসরি রোনালদোর সঙ্গে কাজ করেননি, তবে তার ধারণা, পর্তুগিজ সুপারস্টার তরুণ চেহারা ধরে রাখতে একাধিক প্লাস্টিক সার্জারি করিয়েছেন এবং এজন্য বিপুল অর্থ ব্যয় করেছেন।
কী কী অস্ত্রোপচার হতে পারে?
ড. লেভিনের মতে—
রোনালদো রাইনোপ্লাস্টি (নাকের সার্জারি) করিয়েছেন, যেখানে নাকের হাড় ভেঙে নতুন আকার দেওয়া হয়।ক্যারিয়ারের প্রথম দিকে তিনি দাঁতের আকার পরিবর্তনের চিকিৎসা (অর্থোডন্টিক্স) করিয়েছিলেন। দাঁত সাদা ও সমান দেখাতে ভেনিয়ার ব্যবহার করেছেন। এছাড়া উপরের মাড়ির আকার কমাতেও অস্ত্রোপচার করা হয়ে থাকতে পারে।
রোনালদো বনাম টম ব্র্যাডি
লেভিনের মতে, রোনালদোর মতোই এনএফএল তারকা টম ব্র্যাডিও বয়সের তুলনায় অনেক তরুণ দেখান। তবে পার্থক্য হলো— রোনালদো বছরের পর বছর ধরে ধাপে ধাপে নানা সার্জারি করিয়েছেন, যা তাকে প্রাকৃতিকভাবে ফিট রাখছে। বিপরীতে, টম ব্র্যাডি স্বল্প সময়ের মধ্যে একাধিক প্রক্রিয়া সম্পন্ন করায় তার চেহারায় কিছুটা অস্বাভাবিকতা ধরা পড়ে।
চেহারার যত্ন, পেশাদারিত্ব আর হয়তো সার্জারির সংমিশ্রণেই ৪০ বছর বয়সেও রোনালদো ভক্তদের কাছে চিরতরুণ সিআরসেভেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ