প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৮:০৩ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ৮:৪৫ PM

আমরা তদন্ত সাপেক্ষে এর উপযুক্ত বিচার চাই
কুড়িগ্রামের রৌমারীতে প্রধান শিক্ষক আশরাফুল আলম এখনও বিদ্যালয়ে বহাল তবিয়তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বেহুলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও জনসাধারণ। এরআগে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছিলো, যা বর্তমানে তদন্তাধীন।
গতকাল বুধবার (২০ আগস্ট) এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “এমন চরিত্রহীন শিক্ষককে দ্রুত অপসারণ না করলে শিক্ষা বিভাগের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ন হবে তেমনি ছাত্র-ছাত্রীরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হবে। আমরা তদন্ত সাপেক্ষে এর উপযুক্ত বিচার চাই।”
অভিযোগ উঠেছে বেহুলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনার দিন মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩ টায় ভুক্তভোগী ছাত্রীকে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় একটি ফাঁকা রুমে ডেকে নিয়ে যান। পরে ভুক্তভোগী ছাত্রীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় ভুক্তভোগী ছাত্রী চিৎকার করলে অন্যান্য ছাত্র-ছাত্রীরা এগিয়ে আসলে প্রধান শিক্ষক আশরাফুল আলম তাৎক্ষণিক ভাবে পালিয়ে যায়।
অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে সরেজমিন তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান।