প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৭:৩৫ পিএম

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীকে পাঁচ যুবকের দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট হেডম্যান ও আ. লীগ নেতার শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পাহাড়ে অব্যাহতভাবে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, অথচ অনেক ক্ষেত্রেই তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। অবিলম্বে অভিযুক্ত ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে অর্থের বিনিময়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হেডম্যানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এসময় ছাত্রনেতা হাবিব আল মাহমুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মো. এরশাদ চৌধুরী এবং পিসিসিপি ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এমএম