প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ২:১০ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ২:১৩ PM

পঞ্চগড়ে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা
পঞ্চগড়ে ‘গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের অগ্রগতি ও করণীয় নিয়ে জেলা পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভার আয়োজন করেছেন জেলা স্থানীয় সরকার বিভাগ।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাবেত আলী।
জেলা গ্রাম আদালত কার্যক্রমের ম্যানেজার রুবি আক্তারের সঞ্চালনায় ও জেলা স্থানীয় সরকারের উপপরিচালক সীমা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ্রাম আদালত সহায়ক কর্মসূচির প্রতিনিধি এবং সকল উপজেলা কোঅর্ডিনেটর উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ বাড়ির কাছেই দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার পাচ্ছে। এর ফলে গ্রামীণ পর্যায়ে মামলার জট কমছে এবং জনগণের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে।”
এছাড়া তারা উল্লেখ করেন, গ্রাম আদালত গ্রামীণ সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করার দাবি জানান।
জেলা স্থানীয় সরকারের উপপরিচালক সীমা শারমিন বলেন, “গ্রাম আদালত হলো সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্ম। আমরা এটিকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউনিয়ন পরিষদে গুদামঘরের বিষয়েও ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করেছি।”
সভায় উপস্থিত সবাই গ্রাম আদালতকে জনবান্ধব, সহজলভ্য ও কার্যকর বিচার ব্যবস্থার প্রতীক হিসেবে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।