প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১০:০৭ AM

সংগৃহীত ছবি
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে ৫৬ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
নাইজারের সিভিল প্রটেকশন অধিদপ্তরের তথ্যানুযায়ী, ৩৩৯টি মহল্লা ও গ্রামে মোট ৭,৭৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে ৩০ জন ঘর ধসে এবং ১৭ জন পানিতে ডুবে মারা গেছে। আহত হয়েছেন আরো ৭০ জন, এবং বন্যায় মারা গেছে ২৫৭টি গবাদিপশু।
বন্যা মোকাবিলায় জাতীয় কমিটি জরুরি ভিত্তিতে ত্রাণ বিতরণ শুরু করেছে। প্রাথমিকভাবে ৩,৭৭৬টি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। এছাড়া সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১,২০০ কোটি সিএফএ ফ্রাঁ (প্রায় ২১.৩ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হলো বন্যা। জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকায় বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে, যার ফলে এই অঞ্চলে বন্যার প্রভাব বেশি অনুভূত হচ্ছে। শুধু ২০২৪ সালেই নাইজারের আটটি অঞ্চলে টানা বর্ষণের কারণে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।