প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:৫২ পিএম

সংগৃহীত ছবি
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে জটিল এক অভিযান চালিয়েছে।
আজ বুধবার (২০ আগস্ট) সকালে গাজার খান ইউনিসে হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে হামাস।
হামাস জানায়, খান ইউনিসে নবনির্মিত ইসরায়েলি সামরিক পোস্টে তাদের হামলা চালানো হয়। ঘরের ভেতর থাকা সেনাদের ওপর কাছ থেকে গুলি ও গ্রেনেড নিক্ষেপ করা হয়, যাতে কয়েকজন সেনা নিহত হয়। এছাড়া তাদের এক স্নাইপার একটি মারকাভা-৪ ট্যাংকের কমান্ডারকে গুলি করে আহত করেছে।
হতাহতদের উদ্ধার করতে গেলে ইসরায়েলি বাহিনীর আরেকটি দল আসলে এক হামাস যোদ্ধা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়, এতে আরও কয়েকজন সেনা আহত ও নিহত হয়।
হামাসের বিবৃতিতে বলা হয়েছে, হামলায় মর্টার ফায়ার, ট্যাংক-বিধ্বংসী গোলা এবং বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। কয়েক ঘণ্টা স্থায়ী এ অভিযান শেষে তাদের যোদ্ধারা সেখান থেকে সরে যায়। তবে কতজন সেনা আহত বা নিহত হয়েছেন, সে বিষয়ে হামাস কোনো তথ্য প্রকাশ করেনি।
ইসরায়েল হামাসের হামলার স্বীকারোক্তি করেছে। তাদের মতে, খান ইউনিসে অন্তত ১৮ হামাস যোদ্ধা হামলা চালায়, যার ফলে এক সেনা গুরুতর আহত এবং দুজন সামান্য আহত হয়েছে।
ইসরায়েলের পাল্টা হামলায় হামাসের ১০ যোদ্ধা নিহত হয়। হামলায় হামাসের যোদ্ধারা মেশিনগান এবং আরপিজি ব্যবহার করেছে এবং সুড়ঙ্গ থেকে বের হয়ে হামলা চালিয়েছে।
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল