প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ২:৪৫ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ৩:১৮ PM

আকস্মিক আঘাত করে মাটিতে ফেলে চুরি দিয়ে গলায় জবাই করে ও পেটে পোঁচ দিয়ে ফেড়ে দিয়ে হত্যা করা হয়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে রাবার বাগানে অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) আবদুল করিম।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া থানার পূর্ব কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ বি-৯ ব্লকের বাসিন্দা মৃত আলী আহম্মদের পুত্র শফি আলম (২৮), পূর্ব কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ বি-১০ ব্লকের বাসিন্দা হামিদ হোসেনের পুত্র ইমাম হোসেন (২০) এবং একই এলাকার বাসিন্দা মৃত নুর মোহাম্মদের পুত্র আবুল হাশিম (৪৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ১৭ আগস্ট নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির একটি রাবার বাগানে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা এবং পেটকাটা মরদেহ পাওয়া যায়। পরে ওই এলাকার নিখোঁজ নুরুল আবছারের পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি নুরুল আবছারের মর্মে শনাক্ত করেন। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় গত ১৮ আগস্ট মামলা রুজু করা হলে বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি টিম কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) আবদুল করিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার দায় স্বীকার করেছেন। তারা পরস্পর যোগসাজশে অটোরিক্সা চালককে গত ১৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাবার বাগানের ভিতর থেকে বস্তাভর্তি তরকারি আনার কথা বলে নির্জন এলাকায় নিয়ে ভিকটিমকে আকস্মিক আঘাত করে মাটিতে ফেলে চুরি দিয়ে গলায় জবাই করে ও পেটে পোঁচ দিয়ে ফেড়ে দিয়ে হত্যা করে অটো রিকশাটি নিয়ে উখিয়া পালিয়ে যায়।