প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১২:৫৮ পিএম

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৬ ব্যাটালিয়ন।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার আচ্চানিমবাড়ী গ্রামের মৃত উপেনের ছেলে শ্রী রাম (৩৫), তার স্ত্রী শ্রী চন্দনা রাণী (৩৩) এবং দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চান্দুরী গ্রামের মো. মনাব্বরের ছেলে মো. শামীম (৩২)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভিতরগড় বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৪৪/৪-আর থেকে প্রায় ১৪০ গজ ভেতরে পোকলাভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের পুর্বমুহুর্তে ওই ৩ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ভারতে প্রবেশের জন্য একাধিক দালালের সাথে মোট ৪৯ হাজার টাকা চুক্তি করেছিলেন তারা। এ সময় তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৭৬০ টাকা, দুটি বাটন ফোন এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম