প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৮:১৯ পিএম

ঘরের পাশে পুকুরের পানিতে ডুবে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহি (৬) নামে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৭টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর মহিন উদ্দিন ফরায়েজি বাড়িতে এ ঘটনা ঘটে।
তারা ওই বাড়ীর কুয়েত প্রবাসী বেলাল হোসেনের কন্যা। অহি দক্ষিণ জয়নগর ওযাজেদিয়া মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্রী ও ছহি ধর্মপুর দারুল কোরআন রাহমানিয়া মাদ্রাসার নার্সারির ছাত্রী। ৪ বোনের মধ্যে তারা দুজন ছোট।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় মোহাম্মাদপুর ইউপির প্যানেল চেয়ারম্যান-২ কাজী জহিরুল ইসলাম আল মাসুদ, জানান নিহত দু বোন ছহি ও অহি ভোরে ঘরের পাশে অযু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। সকাল ৭টার দিকে পাশের ঘরের চাচা ডাক্তার ছারোয়ার পুকুরের ঘাটলায় তাদের জুতা দেখে পানিতে খুজতে থাকে এবং এক পর্যায়ে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে সেবারহাট মেডিকেল সেন্টারে পরে দাগন ভুইয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্য রত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সারা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে সেনবাগ থানার এস আই আবদুর রব ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে