প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১:০৭ পিএম

সংগৃহীত ছবি
ঢাকার লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় মধ্যরাতে নেশাগ্রস্ত হয়ে মাতলামির সময় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১৭ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবুকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তৌফিকুলকে হাসপাতালে নিয়ে আসা আজিমপুর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল নেসার বলেন, “শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে তৌফিকুলকে পিটুনি দিয়ে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দেয় উত্তেজিত জনতা।”
তিনি আরো বলেন, “তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়েছিল বলে জানা গেছে। এ ঘটনার জেরে এই ঘটনা হতে পারে।”
ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল নেসার আরো বলেন, “বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।”