প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৫:২০ পিএম

মাঝি-মাল্লাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ টাকা, ইঞ্জিনের ব্যাটারি ও জ্বালানি তেল লুট করা হয়।
মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীতে রাখা বাল্কহেডে নৌ-ডাকাতি সংঘটিত হয়েছে। এই ঘটনায় ৩ ডাকাত আটক হয়েছে স্থানীয়দের কাছে।
আজ শনিবার (১৬ আগস্ট) সকাল ৬ টার দিকে মেঘনা নদীতে নোঙর করে রাখা ৩ টি বাল্কহেডে এ নৌ-ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় স্থানীয়রা ধাওয়া করে ডাকাত দলের ৩ সদস্যকে আটক করে নৌপুলিশে সোপর্দ করেছে।
জানা যায়, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটিনলাকী সংলগ্ন নদীতে রাখা বাল্কহেডে (বালু পরিবহণ কাজে ব্যবহৃত জলযান) ওই ডাকাতি সংঘটিত হয়েছে। ষ্পিডবোট ও ইঞ্জিন নৌকায় আগ্নেয়াস্ত্র ও ককটেল সজ্জিত ৯ থেকে ১০ সদস্যের ডাকাত দুটি বাল্কহেড থেকে মাঝি-মাল্লাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ টাকা, ইঞ্জিনের ব্যাটারি ও জ্বালানি তেল লুট করা হয়।
বাল্কহেড ৩ টির তত্ত্বাবধানকারী রতন খান ও ইমান হোসেন জানান, নদীতীরবর্তী ভাটি বলাকী গ্রামের একাধিক পরিবারের ৩ টি বাল্কহেড বাড়ি সংলগ্ন নদীর ঘাটে নোঙর করা ছিল। শুক্রবার মধ্য রাত ও শনিবার সকালে দুই দফায় ডাকাতদল হামলা করে। এ সময় ডাকাত দলের এক সদস্য ককটেল বিস্ফোরণ করার সময়ে কবজিতে আঘাত প্রাপ্ত হন।
তারা আরো জানান, এ সময় ভাটিবলাকী গ্রামের বাসিন্দা দুইজন জেলে আলম ও সোহাগ আহত হয়েছে। সকালে দ্বিতীয় দফা ডাকাতির চেষ্টাকালে স্থানীয়রা ধাওয়া দিলে পুলিশ ৩ জনকে আটক করে।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সালেহ আহম্মেদ পাঠান জানান, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন নৌকাসহ ডাকাত দলের ৩ জন আটক রয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।