প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১১:৪৯ AM

বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে শমী কায়সার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক (প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, শমীর বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় জামিন অনুযায়ী তাকে রেহাই দেওয়া হয়েছে।
এর আগে, ৫ নভেম্বর রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পূর্ব থানায় দায়ের করা দুটি পৃথক হত্যাচেষ্টা মামলায় তার নাম আসামি হিসেবে ছিল।
জানা যায়, যে মামলায় শমী কায়সার জামিন পেয়েছেন, সেই অভিযোগে বলা হয়েছে, গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের ছাত্র জুবায়ের হাসান বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন। মিছিল চলাকালীন উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় হামলাকারীদের ছোড়া গুলিতে তার বাঁ কাঁধে আঘাত লাগে। পরে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। ২২ আগস্ট উত্তরা পূর্ব থানায় ১১ জনের নাম উল্লেখসহ ১৫০-২০০ অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যেখানে শমীর নামও ছিল।
পরবর্তীতে, ১০ আগস্ট হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের বেঞ্চ তাকে জুবায়ের হাসান হত্যাচেষ্টা মামলায় জামিন দেন। উভয় মামলায় জামিন পাওয়ার পর, অন্য কোনো মামলা না থাকায় আদালতের নির্দেশে তিনি কারাগার থেকে মুক্তি পান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ