প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৯:৩৮ AM

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় স্পিরিট জাতীয় বিষাক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দক্ষিণ বাখরাবাদ গ্রামের মৃত মহাদেব সরকারের ছেলে তপন চন্দ্র সরকার (৫০) এবং মৃত নিত্যন চক্রবর্তীর ছেলে পলাশ চক্রবর্তী (৩৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে তপন ও পলাশ স্পিরিটজাতীয় মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাদের দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে পলাশকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরজন তপনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পরে বাঙ্গরা বাজার থানা পুলিশ বিকেলে ঘটনাস্থলে পৌঁছে পলাশের মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই তপন চন্দ্র সরকারের মরদেহ দাহ করে ফেলে পরিবার।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, হোমিওপ্যাথি দোকান থেকে সংগ্রহ করা স্পিরিটজাতীয় অ্যালকোহল পান করে তারা মারা গেছেন। পলাশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হবে।’
পুলিশ জানিয়েছে, বিষাক্ত অ্যালকোহলের উৎস শনাক্তে তদন্ত চলছে।
স্বদেশ প্রতিদিন/এমএম