প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৬:১৯ পিএম

পঞ্চগড় সদরের ঘাগড়া সীমান্ত দিয়ে আবারও ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এ সীমানা দিয়েই এখন পর্যন্ত মোট ১৬৬ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে নীলফামারী ৫৬-বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের মেইন পিলার ৭৫৭-এর ২-নং সাব পিলার এলাকা দিয়ে ২৩ জনকে পুশইন করা হয়। পরে তাদের আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী কামাল বলেন, ‘হাড়িভাসা বাজারের নিরাপত্তা প্রহরী ও একজন গ্রাম পুলিশ অপরিচিত অনেক গুলো নারী পুরুষকে দেখে সন্দেহ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারত থেকে এসেছে জানতে পেরে তাদেরকে হাড়িভাসা ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে বিজিবিকে খবর দিলে তারা এসে ২৩ জনকে আটক করেন।’
বিজিবি ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) সকালে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের পুশইন করা ২৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু। প্রাথমিকভাবে জানা গেছে আটককৃতরা বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, লালমনিরহাট ও নড়াইল জেলার বাসিন্দা।’
এ যাবত পঞ্চগড় বিভিন্ন সীমান্ত দিয়ে গত ৩ মাসে ১১ দফায় ১৬৬ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী( বিএসএফ)।
পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, ভারত থেকে ঠেলে পাঠানো ২৩ জনকে আটক করে বিজিবি। পরে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগসহ পরিচয় যাচাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হলেই যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম