
সংগৃহীত ছবি
ভোট নিয়ে যারা ষড়যন্ত্র করবে, তারা রাজনীতি থেকে হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁও বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
টুকু বলেন, “ভোট নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। জনগণের জন্য রাজনীতি করলে জনগণের অধিকার ফেরত দিতে হবে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, যেখানে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।”
তিনি অভিযোগ করেন, মানুষ ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি। জনগণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীল বাংলাদেশ চায়। “ফ্যাসিবাদের দোসররা আবারও দেশ নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা নিরাপদ ও গণতান্ত্রিক জনগণের বাংলাদেশ চাই,” যোগ করেন তিনি।
বিএনপি নেতার দাবি, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, যা বিএনপি স্বাগত জানিয়েছে। “আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের সরকার বেছে নেবে। বিএনপি সবসময় গণতান্ত্রিক ও নির্বাচনমুখী দল, তাই জনগণ এবার বিএনপিকেই ভোট দেবে।”
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, “আপনারা গণঅভ্যুত্থানের সরকার। এ দেশের জনগণ আন্দোলন করে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। আপনাদের আমলে যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তাদের নাম প্রকাশ করতে হবে এবং কারণ জাতিকে জানাতে হবে।”
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের স্বপ্ন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নই হবে দলের মূল লক্ষ্য। “আমরা চাই সহনশীল, ধৈর্যশীল এবং জনগণকে সঙ্গে নিয়ে এলাকার সমস্যা সমাধান করে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে।”
আলোচনা সভায় যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এনআর