
রাজবাড়ীর পাংশা উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. আবু দারদা'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, যার মধ্যে ছিলেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাঈদ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম (জাহাঙ্গীর), পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ.বি.এম. ওয়াহিদুজ্জামান, পাংশা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহীম, পাংশা শাহজুঁই কামিল মাদরাসার অধ্যক্ষ আবু মুসা আশয়ারী, পাংশা সরকারি কলেজ অধ্যক্ষের পক্ষে মামুন-উর-রশিদ জোয়ার্দ্দার, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান (ভিপি রাজা), বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. সুলতান মাহমুদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান খান, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে. আজাদ এবং পাংশা প্রেসক্লাবের সভাপতির পক্ষে মো. শামীম হোসেন প্রমুখ।
সভায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
সভার শুরুতে বিগত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
বক্তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, এলাকায় যেসব ব্যক্তি ইতিপূর্বে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এছাড়াও সভায় দক্ষিণাঞ্চলে একটি পুলিশ ক্যাম্প স্থাপন, অস্ত্র উদ্ধার, নিরাপত্তা জোরদার, মাদক নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসনসহ বেশ কিছু দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে ইউএনও এস.এম. আবু দারদা সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘পাংশাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।’
স্বদেশ প্রতিদিন/এমএম