প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৬:১৫ পিএম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুর ১১টায় উপজেলার শহিদ মিনার চত্বরে সম্মিলিত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে কাশিয়ানীর বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
নেতারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশের পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। তাই পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন জরুরি হয়ে উঠেছে।
তারা আরও বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তার পেশাগত দায়িত্ব পালনকালে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
বক্তারা আরও জানান, এই অবস্থায় সাংবাদিক সমাজ আজ আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে সাংবাদিকদের নিরাপত্তা দিতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
স্বদেশ প্রতিদিন/এমএম