প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:০১ পিএম

গাজীপুরে দৈনিক প্রতিদিনের ব্যুরো চীফ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন।
শনিবার (৯ আগস্ট) দুপুরে জলঢাকা থানার মোড়ে ‘উপজেলায় কর্মরত সকল সাংবাদিক’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউজ২৪ টিভির প্রতিনিধি আব্দুর রশিদ শাহ স্বাগত বক্তব্য রাখেন। জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামারুজ্জামান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। এছাড়া সাবেক সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি মাহবুবর রহমান মনি, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ সাংবাদিক সংগঠন ও বিভিন্ন মিডিয়ার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা নৃশংস হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন কার্যকরের জন্য তাগিদ দেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ