প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:৫৬ পিএম

অফিস থেকে দেরিতে ফিরে অনেকের রাতের ঘুম ভালো হয় না। শরীর ক্লান্ত হলেও বিছানায় গেলেই ঘুম আসে না। তখন সময় কাটে মোবাইল দেখা, সিরিজ দেখার বা অনলাইন শপিং করার মধ্যে। এমন অভ্যাস অনেকের মধ্যে সাধারণ হয়ে গেছে।
কিন্তু পর্যাপ্ত ঘুম না হলে শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। ত্বকেরও ক্ষতি হয়। সুস্থ থাকার জন্য প্রতিদিন অন্তত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানো অত্যন্ত জরুরি। চলুন, ঘুম ভালো করার কিছু সহজ উপায় জানি।
ঘুমের সময় নির্দিষ্ট করুন
প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। এতে শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা সার্কাডিয়ান রিদম ঠিক থাকে। ফলে শরীর বুঝতে পারে কখন ঘুমানোর সময় এসেছে, ঘুম আসতে দেরি হয় না।
স্ক্রিন টাইম কমান
ঘুমানোর কমপক্ষে দুই ঘণ্টা আগে মোবাইল, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি ডিভাইস ব্যবহার বন্ধ করুন। কারণ এগুলো থেকে নির্গত নীল আলো মেলাটোনিন হরমোনের উৎপাদন কমিয়ে দেয়, যা ঘুম আনার জন্য জরুরি।
সন্ধ্যার পর ক্যাফেইন থেকে বিরত থাকুন
চা, কফি ও এনার্জি ড্রিংকসের মধ্যে ক্যাফেইন থাকে, যা স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে এবং ঘুম বাধাগ্রস্ত করে। তাই সন্ধ্যার পর বা ঘুমানোর ছয় ঘণ্টা আগে থেকে এসব পান করা থেকে বিরত থাকাই ভালো।
স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য ঘুম অপরিহার্য। উপরোক্ত নিয়মগুলো মেনে চললে ঘুম দ্রুত এবং ভালো হবে।
সূত্র: এই সময়
স্বদেশ প্রতিদিন/ আরএফ