প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:০২ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘জনগণকে বিভ্রান্ত করতে কিছু মহল পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চায়। আমরা চাই মানুষ প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা ও সততা দেখে ভোট দিক। জনগণও আমাদের সঙ্গে একমত।’ তিনি বলেন, ‘বিগত ১৭ বছর ধরে আমরা সংগ্রাম ও লড়াই করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে এসেছি। অনেক নেতা-কর্মী প্রাণ দিয়েছেন। অথচ এই আন্দোলনের সুযোগ নিচ্ছে কয়েকটি রাজনৈতিক দল।’
শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ‘৭১ -এর মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহিদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খুলনা মহানগর ও জেলা শাখার পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খুলনা মহানগরের সভাপতি শেখ আলমগীর হোসেন।
মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু যুদ্ধের পর শেখ মুজিব যেমন বাকশাল প্রতিষ্ঠার পাঁয়তারা করেছিলেন, ঠিক তেমনি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকেও ভিন্নভাবে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমি গর্ব করে বলতে পারি, বিএনপি ও আমাদের হাজারো নেতা-কর্মী একাত্তরের মতো ২০২৪ সালেও বুক পেতে দিয়েছেন। যাদের রক্তের বিনিময়ে আজ আমরা মুক্ত।’
স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমরা দেখেছি, প্রকৃত মুক্তিযোদ্ধারা ছিলেন লুঙ্গি ও গামছা পরা খেটে খাওয়া সাধারণ বাঙালি। কিন্তু স্বাধীনতার পর দেখা গেল, বড়লোকের ছেলেরা মুক্তিযোদ্ধার পরিচয় নিয়ে নিয়েছে।’
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন।
স্বদেশ প্রতিদিন/এমএম