প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৮:৫৫ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিজান মাঝিকে আটক করেছে কোস্টগার্ড।
তাঁর পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার গভীর রাতে ৩০-৩৫ জন কোস্টগার্ড সদস্য পরিচয়ে বাসায় ঢুকে হাত-পা ও চোখ বেঁধে তাঁকে তুলে নেওয়া হয়। এসময় ঘরের দরজা ভেঙে মালামাল তছনছ ও মূল্যবান জিনিসপত্র লুটের অভিযোগও করেন তাঁর স্ত্রী আফরোজা বেগম।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে ভূঁইয়ার হাট বাজারে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে মিজান মাঝির নিঃশর্ত মুক্তি দাবি করেন। বক্তারা জানান, তিনি সৎ ব্যবসায়ী ও সমাজসেবক, যার বিরুদ্ধে আগে কোনো মামলা বা অভিযোগ ছিল না। পরিবারের দাবি, রাজনৈতিক ও ব্যবসায়িক শত্রুতার কারণে তাঁকে ফাঁসানো হচ্ছে এবং অস্ত্র উদ্ধারের নামে নাটক সাজানো হচ্ছে।
চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, মিজান মাঝিকে আটক বা অভিযানের বিষয়ে কোস্টগার্ড পুলিশকে কিছু জানায়নি। থানায় তাঁর নামে কোনো মামলা নেই।
অন্যদিকে, বাংলাদেশ কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়ার বাংলা বাজার মাছ ঘাটে অভিযান চালিয়ে মিজান মাঝিকে আটক করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী মৎস্য আড়ত তল্লাশি করে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও ২৯টি হাতবোমা জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ