প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৫:২৬ পিএম আপডেট: ০৭.০৮.২০২৫ ৮:১০ PM

উত্তেজিত জনতা ঘাতক ট্রেলার ও একটি প্রাইভেটকারের গ্লাস ভাঙচুর করে
মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউনিয়নের এসডি খান সড়কের জামালদী এলাকায় ট্রেলার ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে এক শিশু নিহত এবং আরেকজন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকাল সাড়ে এগারোটায় এ ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন জামালদী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সারাফাত (৫) আর আহত শিশুটি একই গ্রামের বিল্লাহ হোসেনের মেয়ে জামিয়া আক্তার (৫)। শিশু দু’জন স্থানীয় হাজী সিরাজুল হক স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, শারাফাত এবং জামিয়া সম্পর্কে চাচাতো ভাইবোন। স্কুল শেষে বাসায় ফিরে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল তারা। এসময় রাস্তায় স্থানীয় সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে পণ্য খালাস করে একটি ট্রেলার ট্রাক জামালদী বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। গাড়ি দেখে তারা রাস্তার পাশের দেয়ালের দিকে সরে যায়। কিন্তু ট্রেলার ট্রাকটি দেয়ালটিতে ধাক্কা দিলে সেটি দুই শিশুর উপর ধসে পড়ে। এ সময় আশপাশ থেকে লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তখন উত্তেজিত জনতা দিনের বেলায় এই সড়ক দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রির মালবাহী ট্রাক চলাচল বন্ধের দাবিতে রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করে। এছাড়াও উত্তেজিত জনতা ঘাতক ট্রেলার ও একটি প্রাইভেটকারের গ্লাস ভাঙচুর করে।
এসময় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গজারিয়ার উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের আশ্বাসে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে গেলে প্রায় একঘণ্টা পরে দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে সারাফাতের স্বজনরা জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় জামালদী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সারাফাত মারা গিয়েছে।
বিষয়টি সম্পর্কে কোম্পানি কর্তৃপক্ষের বক্তব্য জানতে সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যাওয়া হলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে তাদের পক্ষ থেকে ব্যবস্থাপক (মানব সম্পদ বিভাগ) মো. হাফিজুর রহমান বলেন, “ট্রেলার ট্রাকের মালিক আমরা নই। আমরা একটি এজেন্সি থেকে গাড়ি ভাড়া করে আনি। গাড়ি সংক্রান্ত বিষয়ে সকল দায়ভার তাদের।”
তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, “আমরা ট্রেলার ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।”
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে গিয়েছিলাম। দুই পক্ষের সাথে আমার কথা হয়েছে। আজ বিকেলে বিষয়টি নিয়ে আমরা বসব।”