গোবিন্দগঞ্জে গণঅভ্যুত্থান দিবসে শহীদ জুয়েলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৮:২২ পিএম আপডেট: ০৫.০৮.২০২৫ ৮:৩০ PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শহীদ জুয়েলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় গোবিন্দগঞ্জ উপজেলার শালামারা ইউনিয়নের সন্তান শহীদ জুয়েলের সমাধিস্থলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমন-পীড়নের শিকার হয়ে শহীদ হন জুয়েল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য ও সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধান, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, কৃষি অফিসার মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, সমাজসেবা অফিসার শফিউল আলম মণ্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ, হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন প্রমুখ।
এছাড়া ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি তৌহিদুল ইসলাম তুহিন, জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা এনসিপির আহ্বায়ক ডা. জাহাঙ্গীর আলম ডাবলুসহ বিএনপি, জামায়াত ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দোয়া পরিচালনা করেন হাফেজ নাফিউল ইসলাম।
নেতৃবৃন্দ শহীদ জুয়েলের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।” তারা শহীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ