প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৮:১৬ পিএম

আওয়ামী ফ্যাসিবাদের পতনের বার্ষিকীতে কুড়িগ্রামের রৌমারীতে মঙ্গলবার (৫ আগস্ট) পালিত হয়েছে ছাত্রজনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন, জামায়াতে ইসলামি এবং ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল। পৃথকভাবে আয়োজিত এসব কর্মসূচিতে ছিল র্যালি, পথসভা ও বক্তব্য।
সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হয়ে একটি বিজয় র্যালি বের করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে পথসভায় পরিণত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. আজিজুর রহমান, উপজেলা আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক মো. রাজু আহমেদ, যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম রানা ও ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান রানা প্রমুখ।
এর আগে সকাল ৯টায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পৃথক কর্মসূচি পালন শেষে উপজেলা চত্বরে পথসভা করেন। বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা আমীর হায়দার আলী ও সেক্রেটারি শাহাদত হোসেন।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশও পৃথক কর্মসূচি পালন করে। পথসভায় বক্তব্য দেন ২৮-কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী প্রভাষক মো. হাফিজুর রহমান, উপজেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, যাদুর চর ইউনিয়নের সহসভাপতি মাওলানা আহমেদ সোলাইমান, যুব আন্দোলনের সভাপতি মাওলানা রেজাউল করিম আকন্দ প্রমুখ।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের এই দিনে দেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল। সেই চেতনায় উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র, অধিকার ও ন্যায়ের পক্ষে আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ