প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৭:৪২ পিএম

ফেনসিডিল পাচারের দায়ে যশোরের চৌগাছার মাদক ব্যবসায়ী ভোলা হোসেনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৪ আগস্ট) যশোরের বিশেষ দায়রা জজ এসএম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ভোলা হোসেন চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ও হুদা চৌগাছা গ্রামের বাসিন্দা। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বিশেষ সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনিছুর রহমান পলাশ।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৭ অক্টোবর গভীর রাতে মাসিলা ক্যাম্পের বিজিবি সদস্যরা মশ্যমপর স্কুলের পেছনে অভিযান চালান। সন্দেহজনকভাবে একজনকে মাঠ পেরিয়ে রাস্তার দিকে আসতে দেখে ধাওয়া করলে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। ধৃত ব্যক্তির সঙ্গে থাকা বস্তায় পাওয়া যায় ১৯৭ বোতল ফেনসিডিল।
এ ঘটনায় বিজিবির হাবিলদার তোহরুল ইসলাম বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে এসআই বিপ্লব সরকার ভোলা হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন। ভোলা হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ