
সংগৃহীত ছবি
ফুটবল মাঠে যেমন কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতার দৃষ্টান্ত, তেমনি ব্যক্তিগত জীবনেও স্বাস্থ্য বিষয়ে বেশ সচেতন ক্রিশ্চিয়ানো রোনালদো।
খাওয়াদাওয়া, অনুশীলন, বিশ্রাম, সবকিছুতেই নিজের শরীরের প্রতি সর্বোচ্চ যত্নশীল পর্তুগিজ এই সুপারস্টার। আর এবার প্রকাশ পেল তার ঘুম সংক্রান্ত এক বিস্ময়কর অভ্যাস,ফাইভজি প্রযুক্তিকে ভয় পান রোনালদো!
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন তিনি। তবে রাতের ঘুমে যেন কোনোভাবেই ব্যাঘাত না ঘটে, সে জন্য তিনি ফোন রাখেন ঘরের বাইরে। এমনকি ফোনে থাকা ফাইভজি সিগন্যালও বন্ধ করে ঘুমান। বিষয়টি সামনে এনেছেন তার সাবেক জাতীয় দল সতীর্থ সেদ্রিক সোয়ারেস।
ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে সেদ্রিক বলেন, ‘রোনালদো কখনো কখনো ফোনই ব্যবহার করত না। সে বলত, এটা ঘুমের ব্যাঘাত ঘটায়। তাই সে ফোন বাইরে রেখে ঘুমায়। ফাইভজি চালু হওয়ার পর সে আমাকে বলেছিল, সেদ্রিক, এটা ব্যবহার কোরো না, এটা ঘুমে সমস্যা করে।’
৪০ বছর বয়সেও জাতীয় দল ও ক্লাব ফুটবলে সমান সক্রিয় রোনালদো। বয়স যতই বাড়ুক, মাঠে তার গতি, গোলক্ষুধা ও ফিটনেস যেন একটুও কমেনি। আর এই ফিটনেস ধরে রাখার পেছনে ঘুমের গুরুত্ব তিনি বহুবারই উল্লেখ করেছেন।
রোনালদোর মতে, রাতে ফোনে স্ক্রল করা নয়, বরং ভালো ঘুম ও বিশ্রামই দীর্ঘ ক্যারিয়ারের মূল চাবিকাঠি। তাই ফাইভজি নিয়ে অস্বস্তি থাকলেও তিনি নিজেকে সবসময় রাখেন নিরাপদ ও সচেতন—শরীরের সুস্থতার জন্য।
উল্লেখ্য, কোভিড-১৯ মহামারির সময় ফাইভজি নিয়ে নানা গুজব ছড়িয়েছিল। কেউ কেউ বলেছিলেন, ফাইভজি নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় বা ভাইরাস ছড়ায়। যদিও বৈজ্ঞানিক গবেষণায় এসব দাবি ভুল প্রমাণিত হয়েছে।
সম্প্রতি আল-নাসরের হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে তুলুজের বিপক্ষে গোল করেছেন রোনালদো। যদিও পরবর্তী ম্যাচে দুর্বল প্রতিপক্ষ এস্ট্রেলা দা আমাদোরার বিপক্ষে হেরে গেছে তার দল। তবুও সামনে আসন্ন মৌসুমে নিজের সেরা পারফরম্যান্স দিতে প্রস্তুত এই ‘ফিটনেস ফ্রিক’ তারকা।