
আসন্ন ‘ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা দেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আনতে আট জোড়া (১৬টি) বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, জাতীয় সংসদের সামনের মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে রেল মন্ত্রণালয় এসব ট্রেনের ব্যবস্থা করেছে। ট্রেন ভাড়া বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বহন করবে।
রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রবিবার ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ এ বিষয়ে একটি চিঠি দেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে। চিঠির পরপরই রেলপথ মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন পরিচালনার পরিকল্পনা তৈরি করে।
বিশেষ ট্রেনের রুট ও ভাড়া: চট্টগ্রাম: ১৬ কোচের ট্রেনে ৮৯২ আসন; ভাড়া ৭ লাখ টাকা+
জয়দেবপুর (গাজীপুর): ৮ কোচ, ৭৩৬ আসন; ভাড়া ৭২,৫০০ টাকা
নারায়ণগঞ্জ: ১০ কোচ, ৫১০ আসন; ভাড়া ৫৬,৫০০ টাকা
নরসিংদী: ১২ কোচ, ৬৫২ আসন; ভাড়া ৯৫,০০০ টাকা
সিলেট: ১১ কোচ, ৫৪৮ আসন; ভাড়া ৩ লাখ ২৩ হাজার টাকা
রাজশাহী: ৭ কোচ, ৫৪৮ আসন; ভাড়া ৪ লাখ ৮৫ হাজার টাকা
রংপুর: ১৪ কোচ, ৬৩৮ আসন; ভাড়া প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা
ভাঙা (ফরিদপুর): ৭ কোচ, ৬৭৬ আসন; ভাড়া ২ লাখ ৬১ হাজার টাকা
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দূরবর্তী অঞ্চল রংপুর থেকে ট্রেন যাত্রা শুরু করবে ৪ আগস্ট রাত ১১টা ৩০ মিনিটে। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট থেকে ৫ আগস্ট ভোরে ট্রেন ছাড়বে। ঢাকার আশপাশের এলাকা—গাজীপুর, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেন ছাড়বে দুপুরের আগে। কর্মসূচি শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে এসব ট্রেন যাত্রীদের নিয়ে ফিরে যাবে নিজ নিজ গন্তব্যে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করতে পারেন বলে সূত্র জানিয়েছে। উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলটি বিভিন্ন সময় তাদের সমাবেশে লোক আনতে ট্রেন ভাড়া করেছিল। সেই ধারাবাহিকতায় ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের উদ্যোগেও এবার বিশেষ ট্রেন ভাড়া করে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে বিএনপি ও জামায়াতপন্থী সংগঠনগুলোও আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ বাড়াতে ট্রেন ভাড়া করেছিল।
স্বদেশ প্রতিদিন/এনআর