প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১:১৮ পিএম

ভারতের কেরালার কোচির একটি হোটেল কক্ষ থেকে খ্যাতনামা মালয়ালাম অভিনেতা ও মিমিক্রি শিল্পী কালাভাবন নাভাসকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কোচির চোট্টানিক্কারার একটি হোটেলের ঘর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। তিনি সেখানে মালয়ালাম সিনেমা প্রকামবনম-এর শুটিং উপলক্ষে অবস্থান করছিলেন।
শুটিং ইউনিটের সদস্য ও হোটেলের কর্মীরা জানান, নির্ধারিত সময়ে চেক আউট না করায় তার ঘরে গেলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, ৫১ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে। তবে সঠিক কারণ জানতে শনিবার (২ আগস্ট) ময়নাতদন্ত করা হবে। তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হোটেল কক্ষে কোনো ধরনের সন্দেহজনক আলামত পাওয়া যায়নি।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
কালাভাবন নাভাস কেবল একজন অভিনেতা নন, তিনি ছিলেন কৌতুকশিল্পী ও মিমিক্রি শিল্পের জন্য সুপরিচিত। পাশাপাশি প্লেব্যাক গায়ক হিসেবেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ১৯৯৫ সালে চৈথন্যম সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় এবং পরবর্তীতে মালয়ালাম সিনেমার কৌতুক চরিত্রে নিজেকে জনপ্রিয় করে তোলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ