প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১:০৫ পিএম

হৃদরোগে আক্রান্ত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (২ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে এ অস্ত্রোপচার করা হয়।
ডা. জাহাঙ্গীর কবির জানান, কোনো জটিলতা ছাড়াই ডা. শফিকুর রহমানের হৃদপিণ্ডে চারটি বাইপাস সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামী সাত দিনের মধ্যে তাকে বাসায় নেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।
চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের চিকিৎসকদের দক্ষতায় এত বড় একটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়া চিকিৎসা খাতের জন্য অনুপ্রেরণাদায়ক।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করলেও তিনি নিয়মিত ফলোআপে ছিলেন।
ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে গত ২৯ জুলাই তার এনজিওগ্রাম করা হলে হার্টের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ে। এরপর চিকিৎসকদের পরামর্শে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ