প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১১:৪১ AM

ফুটবল মাঠ কাঁপানো জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসিকে এবার দেখা যেতে পারে ভারতের ক্রিকেট মাঠে! সবকিছু পরিকল্পনামতো এগোলে আসছে ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেট ব্যাট হাতে দেখা যেতে পারে এই আর্জেন্টাইন সুপারস্টারকে।
এদিন একটি ৭ জনের প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে মেসির প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে পারেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, এমনকি শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার মতো ক্রিকেট কিংবদন্তিরাও।
ইতোমধ্যেই একটি পরিচিত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়নকে (এমসিএ) অনুরোধ করেছে, যাতে ১৪ ডিসেম্বরের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামটি বরাদ্দ রাখা হয়। জানা গেছে, ওই দিন একটি প্রোমোশনাল সফরে মুম্বাইয়ে থাকার কথা মেসির।
এমসিএ-এর এক কর্মকর্তা জানিয়েছেন, মেসির ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকার বিষয়টি প্রায় নিশ্চিত। তিনি সাবেক ও বর্তমান ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে একটি প্রীতি ক্রিকেট ম্যাচেও অংশ নিতে পারেন।
সবকিছু চূড়ান্ত হলে আয়োজকেরা অনুষ্ঠানসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
জানা গেছে, মেসির ভারত সফর হতে পারে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই সফরে তিনি নয়াদিল্লি ও কলকাতাও ভ্রমণ করতে পারেন।
উল্লেখ্য, এটি হবে মেসির দ্বিতীয় ভারত সফর। এর আগে ২০১১ সালে তিনি ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে এসেছিলেন কলকাতার সল্টলেক স্টেডিয়ামে।
এদিকে এর আগে খবর ছিল, আগামী অক্টোবর মাসে আর্জেন্টিনা জাতীয় দল কেরালায় দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে। ভারতের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান সেই পরিকল্পনার কথা জানিয়েছিলেন এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে একটি সমঝোতাও হয়েছিল। তবে আপাতত সেই পরিকল্পনা স্থগিত রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
স্বদেশ প্রতিদিন/ আরএফ