প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৯:০৮ পিএম আপডেট: ০১.০৮.২০২৫ ৯:১১ PM

সংগৃহীত ছবি
এক সময় টলিউডের সবচেয়ে আলোচিত জুটির নাম ছিল দেব–শুভশ্রী। তাঁদের রোমান্স শুধু পর্দায় নয়, বাস্তবেও ছিল। অনুরাগীদের প্রত্যাশা ছিল, এ প্রেম একসময় বিয়েতে গড়াবে। শুভশ্রীর পরিবারও দেবকে মেনে নিয়েছিল বলে জানা যায়। কিন্তু সেই সম্পর্কের পরিণতি হয়নি, ভেঙে যায় সবকিছু।
প্রেমের সূচনা হয় ২০০৯ সালে, রাজ চক্রবর্তীর ব্লকবাস্টার ছবি ‘চ্যালেঞ্জ’-এর সেটে। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’র মতো একাধিক সফল ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবেও ঘনিষ্ঠ হন তাঁরা।
তবে সম্পর্কটি ভেঙে যায় বিয়ের আগেই। কারণ হিসেবে উঠে আসে দেবের জীবনে আরেক নারীর আগমন—মডেল রুক্মিণী মৈত্র। সেই সময় তিনি অভিনয়ে আসেননি, ছিলেন কেবল মডেল। শুভশ্রীর কানে দেব–রুক্মিণীর সম্পর্কের খবর পৌঁছতেই দূরত্ব বাড়তে থাকে। একপর্যায়ে সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়।
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘খোকা ৪২০’ ছিল দেব–শুভশ্রীর শেষ ছবি একসঙ্গে। যদিও ২০১৫ সালে তাঁরা একসঙ্গে অভিনয় করেন ‘ধূমকেতু’ ছবিতে, যা নানা কারণে মুক্তি পায়নি। ২০২৫ সালের আগস্টে অবশেষে ছবিটি প্রেক্ষাগৃহে আসছে। এর মাধ্যমে পুরনো প্রেম নিয়ে আলোচনা আবারও তুঙ্গে।
এ বিষয়ে শুভশ্রী জানান, তাঁরা দুজনেই পেশাদার, ভালো স্ক্রিপ্ট পেলে আবারও একসঙ্গে কাজ করতে রাজি। অন্যদিকে, দেব বলেন, "এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে, না আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারব।"
পরিচালক রাজ চক্রবর্তীও ছবির মুক্তি নিয়ে আশাবাদী। আর রুক্মিণীর মন্তব্য, "আমি জানি, দেব নিজে কতখানি প্রতীক্ষায় ছিল।"
সূত্র: আনন্দবাজার পত্রিকা