প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১:০২ পিএম

রাজধানীর হাজারীবাগে পূর্ব শত্রুতার জেরে রওশন আরা (৬৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। তিনি হাজারীবাগের বেড়িবাঁধ সংলগ্ন কালু নগর ৫ নম্বর এলাকার বাসিন্দা।
নিহতের মেয়ে রুনা আক্তার জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে বাড়ির সামনেই প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত লাঠি দিয়ে তার মাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (১ আগষ্ট) ভোর ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুনা আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই তারা এ হামলার ঘটনা ঘটায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি, তবে পুলিশ বলছে, আসামিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পেছনে পরিবারিক শত্রুতা ও পূর্ববিরোধ কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম